নূর হোসেনকে গুপ্তচর হিসেবে আওয়ামী লীগে প্রবেশ করিয়েছে বিএনপি। বিএনপির পরিকল্পনা অনুযায়ীই নারায়ণগঞ্জে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
সোমবার সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত প্রতিবেশী দেশের সরকার পরিবর্তন নিয়ে বিএনপি নেতাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই বিএনপি বলতে শুরু করে বাংলাদেশ 'ভারত' হয়ে যাবে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করে না। অথচ ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার নিয়ে উল্লাস করছে।
বিজেপি নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সাহারা বলেন, অতীতের মতো বিজেপির সঙ্গে সুসম্পর্ক ছিল, আছে এবং থাকবে। দুই দেশের সঙ্গে যেমন গঙ্গার পানি বন্টনের চুক্তি হয়েছে, তেমনি তিস্তা চুক্তিও সফল হবে।
সংগঠনের সহসভাপতি ব্যারিস্টার সোহরাব আলীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, শাহজাহান সাজু, সোহেলী পারভিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার, পরিষদের জিন্নাত আলী খান প্রমুখ।








