দ্রুত বিচার আইনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ২৮ জন নেতাকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার কিশোরগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবর এ রায় দেন। রায়ের সময় আসামিদের মধ্যে খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। আরেক আসামি আগে থেকেই জেলহাজতে রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৯ জানুয়ারি বিএনপি ও সমমনা দলগুলোর গণমিছিল কর্মসূচি চলাকালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়, যানবাহন ভাঙচুর ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই এ.টি.এম. মাহমুদুল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রায়ের পর প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নিম্ন আদালতে তাদেরকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। যথাসময়ে উচ্চ আদালতে আপিল করা হবে।







