ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের আসন্ন সম্মেলনে কমিটির আকার বাড়নোর প্রস্তাব করা হবে। পাশাপাশি সংগঠনটির স্লোগান পরিবর্তনেরও অনুমতি চাওয়া হবে।
কৃষক লীগের সূত্র জানায়, সম্মেলন উপলক্ষে গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি লিখিত আকারে কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করেছে। বর্তমান সদস্য সংখ্যা ১১১ থেকে বাড়িয়ে ১৫১ করার সুপারিশ করা হয়েছে এতে। কৃষক লীগের সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই প্রস্তাব লিখিত আকারে পেশ করা হবে। এছাড়া বর্তমান শ্লোগান ‘কৃষক বাঁচাও -দেশ বাঁচাও’ পরিবর্তন করে 'সুখী কৃষক- সুখী দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' করার জন্যও শেখ হাসিনার কাছে প্রস্তাব করা হবে। তবে, গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির সুপারিশে তা উল্লেখ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এ উপ-কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, স্লোগান পরিবর্তনসংক্রান্ত কোনও সিদ্ধান্ত গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি নেয়নি। তাই গঠনতন্ত্র সংশোধনের যে সুপারিশ করা হয়েছে তাতে এমন কিছু উল্লেখ নেই। তবে, সভাপতি-সাধারণ সম্পাদক চাইলে এমন সিদ্ধান্ত নিতেই পারেন।
এদিকে গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির সুপারিশ শেখ হাসিনার কাছে জমা দেওয়ার আগেই তাতে স্লোগান পরিবর্তনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
তিনি বলেন, পরিবর্তিত আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে এ চিন্তা করা হয়েছে। কেননা এক সময় কৃষকের অবস্থা করুণ ছিল, খারাপ ছিল। এখন কৃষকদের অবস্থার উন্নতি ঘটেছে। তারা সুখে রয়েছে। সে কারণে কৃষক লীগের স্লোগান 'সুখী কৃষক-সুখী দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'করতে চাই। এটা কৃষক লীগের সাংগঠনিক নেতা শেখ হাসিনার কাছে উপস্থাপন করবো। তার সম্মতি পেলে সম্মেলনে আমরা গঠনতন্ত্র সংশোধন করে এ স্লোগান পরিবর্তন করবো।
প্রসঙ্গত, আগামী ছয় নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষক লীগের সপ্তম সম্মেলন। কৃষকদের উন্নয়নে ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।








