দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনও অর্জন বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি না, বলি বিএনপির মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের ঢোল পেটানোই এখন বিএনপির নিত্যদিনের রুটিন ওয়ার্ক।’
বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের শুক্রবার (৬ নভেম্বর) তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খোঁজে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত, তখনও বিএনপি অন্ধকার দেখে। যাদের দেখার চোখ নেই, তারা তো চারদিকে অন্ধকার দেখবেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, সরকার নাকি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আসলে বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুড়ে যাচ্ছে। দেশের মানুষ জিম্মি নয়; বরং এখন তারা ঐক্যবদ্ধ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে। দেশের মানুষ ভালো আছে বলেই শেখ হাসিনার নেতৃত্বের ওপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। তৃণমূলসহ দেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই শেখ হাসিনার লক্ষ্য।’
দেশের অব্যাহত সমৃদ্ধিতে বিএনপির চোখের কোণে বালি জমেছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার কথা তাদের কানে জ্বালা ধরায়, তারা শুধু নিজেদের অংশটুকুই শুনতে পায়। অন্য কিছু শুনতে ও দেখতে পায় না।’
ছাত্রজীবনে নাটক করা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তা সত্য নয়। আমি বই লিখেছি, সাহিত্যের অন্যান্য ধারায় যুক্ত ছিলাম, কিন্তু ফখরুল সাহেব ছাত্রজীবনে ভালো অভিনয় করতেন, সেই ধারাবাহিকতা মির্জা ফখরুল সাহেবের রাজনৈতিক জীবনে প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব সত্যকে সত্য, সাদাকে সাদা, আর কালোকে কালো বলতে চান; কিন্তু কোনও এক অদৃশ্য কারণে তা বলতে পারেন না। আর এ জন্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সংসদে যেতে পারেননি। ফখরুল সাহেব রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে।’








