করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এর আগে ১১ এপ্রিল করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে খালেদা জিয়ার। ওইদিন বিকালে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে বাসভবন থেকে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে আছেন চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তাকে বিদায় দিয়েছেন।
এদিকে বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও আবেদন করেছে বিএনপি। এর আগে ১৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটিস্ক্যান করাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা (কারাদণ্ড) হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার ছয় মাসের মুক্তি হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।









