পার্লামেন্ট ভেঙে ২০২৩ সালেই এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের সঙ্গে কোনও সংলাপ নেই। কারণ শেখ হাসিনাকে জনগণ আর বিশ্বাস করে না। তারা ১৪ ও ১৮ সালে বিশ্বাস ভঙ্গ করেছে। বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয় বরং প্রতিদ্বন্দ্বী। আমরা সঠিক নির্বাচন ও সংগ্রামের মধ্যেই ক্ষমতায় আসবো বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (৯ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের আয়োজনে সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া যখন ১৬ টাকা দরে জনগণকে চাল দিয়েছে তখন এ সরকার বলেছিল ১০ টাকা দরে চাল খাওয়াবো। ঘরে ঘরে চাকরি দেবে, কৃষকদের ফ্রি সার দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ আজ ৮০ টাকা দরে চাল কেনে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এ সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে এবারের আন্দোলন হবে চোর তাড়ানোর আন্দোলন। এবারের আন্দোলন হবে জঞ্জাল মুক্ত করার আন্দোলন। এবারের আন্দোলন হবে গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন।
জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য পিয়ারা মোস্তফা, ঢাকা মহানগর উত্তরের বিএনপির যুগ্ন আহ্বায়ক এজিএম সামছুল হক, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, চালক দলের সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার,
সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকার, সাংগঠনিক সম্পাদক ইলাহি প্রিন্স প্রমুখ।








