ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগে অনুপ্রেবেশকারীরা’ হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না বলে মন্তব্য তার।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর মানিকদি এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ আরাফাত। এ সময় তিনি আরও বলেন, হিরো আলমের ওপর হামলাকারীরা কোন দলের তা তদন্ত ছাড়া বলা যাবে না। তবে অনুপ্রবেশকারী হতে পারে। দলে অনুপ্রবেশকারী রয়েছে, যারা আওয়ামী লীগের নাম খারাপ করতে চায়।
কোনও প্রার্থীর ওপর হামলা সমর্থন করেন না জানিয়ে মোহাম্মদ এ আরাফাত বলেন, এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে আহ্বান জানাবো, কেউ যাতে কারো ওপর হামলার মনোভাব না রাখে। এ সময় অতিউৎসাহী হয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এর আগে, বুধবার নিজের ওপর হামলার অভিযোগ তুলে হিরো আলম জানান, নির্বাচনি প্রচারণায় মহাখালীর সাততলা বস্তিতে যাওয়ার সময় ২০-২৫ জন মহিলা গুন্ডা তার ওপর হামলা চালায়। তখন তিনি আইসিডিডিআর,বিতে আশ্রয় নেন। এই হামলার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন হিরো আলম।









