আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই বলে দাবি করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, তারা যত রকম আন্দোলন আর সন্ত্রাস করুক, আওয়ামী লীগের পতন ঘটাতে পারবে না। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে। এছাড়া অন্য কোনও সুযোগ নেই।
শুক্রবার (২৫ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুরে তালগাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং সকলের নিকট গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা দেখতে চাই, এ দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে কিনা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল কিনা। আওয়ামী লীগ বিগত ১৫ বছর একটানা দেশ চালিয়ে মানুষের আস্থা অর্জন করেছে। কাজেই, এখনও মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে।
বজ্রপাত থেকে রক্ষায় বেশি করে তাল গাছ রোপণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা দেখছি, সম্প্রতি বজ্রপাতের প্রকোপ ও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এটি থেকে রক্ষা পেতে তাল গাছের চারা রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, উন্নয়নকে টেকসই ও গতিশীল রাখতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশকে সবুজ রাখতে হবে। এ জন্য সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
‘সবুজ পৃথিবী’ সংগঠন সোহাগপুর থেকে টাঙ্গাইল শহর পর্যন্ত মহাসড়কের পাশে তাল গাছের চারা রোপণের এ কর্মসূচি গ্রহণ করেছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ এবং সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









