আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তাদের এখনও নির্বাচনে আসার সুযোগ আছে। বিএনপি জোটগতভাবে না এলেও বিএনপির ভেতরের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত ছবিটা কোথায় যায় দেখা যাক।’
শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিএনপি চোরাগোপ্তা হামলা, নাশকতা চালাচ্ছে, গাড়ি ভাঙচুর- এসব অপকর্ম করছে।’
জনগণ নির্বাচনমুখী হয়েছে এটা সরকারের সাফল্য— এমন মন্তব্য করে তিনি বলেন, ‘এসব চোরাগোপ্তা হামলা করে নির্বাচন পন্ড, ভন্ডুল করা সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
বিএনপির আরও কঠোর কর্মসূচির হুমকির ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যা যা করেছে এর চেয়ে কঠোর কর্মসূচির দৃষ্টান্ত পৃথিবীতে আর নেই- আগুন দিয়ে বাস পোড়ানো, পার্কিং করা গাড়িতে ঘুমন্ত চালককে মারা, হরতাল, অবরোধ- ২০১৩-১৪ সালের পুনরাবৃত্তি। নাশকতার চেয়ে আর কি কঠোর কর্মসূচি আছে?’
তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে বহিঃশক্তির মন্তব্যকে স্বাগত জানাচ্ছি না। সংবিধান অনুযায়ী নির্বাচনে আমাদের মনোযোগ। আমাদের নির্বাচনকে কেন্দ্র করে বৃহৎশক্তির দেশগুলোর মন্তব্যে আমরা শরিক হতে চাই না।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।








