নির্বাচনের নামে একটা মিথ্যা নাটক মঞ্চস্ত করতে গিয়ে সরকার দেশকে ভয়ংকর ও অনিবার্য বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। তাই দেশ দেউলিয়া হওয়ার আগেই এই সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনের তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে তারা এই আহ্বান জানান।
তোপখানা রোড থেকে মিছিলটি শুরু করে দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড দিয়ে বিজয়নগর পানির পাম্প হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে মঞ্চের নেতারা বলেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতে আরেকটি পাতানো নির্বাচনি তামাশা মঞ্চস্ত করতে গিয়ে সরকার দেশকে ভয়ংকর বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। সংগঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের সিন্ডিকেটের ক্ষমতা নিরঙ্কুশ করতে নির্বাচনের নামে একটি মিথ্যা খেলার আয়োজন চলছে।
মানুষের ভোটের অধিকার নিয়ে জালিয়াতি ও নয়-ছয় দেশের মানুষ কোনোভাবেই বরদাস্ত করবে না জানিয়ে তারা বলেন, দেশ দেউলিয়া হওয়ার আগেই এই সরকারকে বিদায় দেওয়া দরকার।
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের সকল জেলায় মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। ঢাকায় বেলা ১১টা ৩০ মিনিটে কাওরানবাজারে মানবাধিকার কমিশনের সামনে এই কর্মসূচি পালন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারা।









