বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কবি জসিমউদদীন হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি ও তার পরিবারের ওপর টাঙ্গাইলের নিজ বাড়িতে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, মেহেদী হাসানের ওপর যে নৃশংস হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার চাই। যারা নিরপেক্ষ রাজনীতি করেন আপনাদের প্রতিবাদের ভাষা হবে লেখনী বা ব্যানারের মাধ্যমে, কারো শরীরে আঘাত করে নয়। যে শরীরে জামায়াত-বিএনপির আঁচড় পড়েছে, সে শরীরে যেন নিজের দলের মানুষের আঁচড় না পড়ে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন বলেন, ছাত্রলীগের একজন সাবেক নেতার বাড়িতে হামলায় আমরা আতঙ্কগ্রস্ত। মেহেদী হাসান রনি একজন পরিচিত ছাত্রলীগের নেতা, উড়ে এসে জুড়ে বসেছেন এমন নয়। স্থানীয় কিছু দুষ্টলোক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বাড়িতে হামলা করেছে। তার পরিবারের লোকজনকে মারধর করেছে। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা রনির বাড়িতে হামলা করেছে — তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের। অন্যথায় বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা-মুহসিন আলম তালুকদার, লতিফুল ইসলাম লিপুল, সৈকতুজ্জামান সৈকত, সোহান খান প্রমুখ।
জানা যায়, টাংগাইলের ধনবাড়ি উপজেলায় নিজ বাড়িতে রাতের অন্ধকারে ছাত্রলীগের সাবেক এই নেতার ওপর সন্ত্রাসী হামলা চালায় একই সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিশোধের জের ধরেই স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যানের কুখ্যাত মাদকসেবী সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।









