বৈধ লাইসেন্সধারী সব রিকশা শ্রমিককে পায়ে চালিত রিকশা (প্যাডেল রিকশা) চালানোর ব্যবস্থা নিতে সিটি করপোরেশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘রিকশা চালাতে না পেরে হাজার হাজার রিকশা শ্রমিক অর্ধাহারে, অনাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।’
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সিদ্ধান্ত থাকার পরও যারা এখনও রিকশা চালানোর লাইসেন্স পাননি তাদের দ্রুত লাইসেন্স দেওয়ার দাবি জানান সাইফুল হক। রিকশা মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ৭ দফা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতাদের মধ্যে মমিন আলী, প্রদীপ কুমার ভৌমিক, আবদুল লতিফ, চিত্তরঞ্জন সাহা, জামাল সিকদার, সিদ্দিক মিয়া, আলী হোসেন, বিল্লাল শেখ, আব্দুস সবুর, মনির হোসেন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ ইয়াসিন, মশিউর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।








