জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতীয় নির্বাচন সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ নেই। ভারতের বৈরিতার ব্যাপারেও কোনও কথা নেই।
শনিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তুলে ধরেছেন। তার সরকারের অগ্রাধিকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু গণতান্ত্রিক উত্তরণে জাতীয় নির্বাচন সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ করেননি। আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের জনগণকে আশ্বস্ত করতে এ ব্যাপারে তিনি একটা ধারণা দিতে পারতেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যাসহ ভারতের মোদি সরকারের বাংলাদেশবিরোধী বৈরি তৎপরতা সম্পর্কে কোনও কিছুই উল্লেখ করেননি।
বাংলাদেশের জন্য এসব বিষয় বিশ্ব সম্প্রদায়ের নজরে আনা দরকার ছিল বলেও মনে করেন সাইফুল হক।








