বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের কথা স্মরণ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের বিচার চলমান, আর চূড়ান্ত বিচার মহান রবের কাছে। শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির লিখেছেন, ১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।
তিনি বলেন, সময়ের পরিক্রমায় রাজনৈতিক বাস্তবতা বদলায়, সিদ্ধান্ত বদলায়, কিন্তু ইতিহাসে প্রতিটি পদক্ষেপ তার নিজস্ব ছাপ রেখে যায়।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা, দমন-পীড়ন কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত ক্ষণস্থায়ী হতে পারে। তবে আদর্শ, ন্যায়বিচারের আকাঙ্ক্ষা এবং মানুষের বিশ্বাসকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। ইতিহাসের বিচার চলমান, আর চূড়ান্ত বিচার মহান রবের কাছেই। আল্লাহ আমাদের হক্বের ওপর অটল রাখুন। আমীন।









