জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে রাজধানীতে মিছিল করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল।
শনিবার (১ আগস্ট) হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে থেকে শুরু হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সাইফুল ইসলাম বলেন, বিগত সময়ের গুম, খুন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। এ দাবিতেই তারা কর্মসূচি পালন করেছেন।
তিনি আরও বলেন, কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্টের ‘ঐতিহাসিক বিজয়’কেও স্বাগত জানানো হয়েছে।
মিছিলে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।









