ইউপি নির্বাচন: কোন দিকে যাবেন আ.লীগের সমর্থকরা?

মহসীন কবির
১০ নভেম্বর ২০২৬, ১৮:৪৫ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৮:৪৫

স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ হলেও তৃণমূলের রাজনীতিতে এর প্রভাব অনেক বেশি। গ্রামাঞ্চলে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক অবস্থান, স্থানীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং ভোটের সমীকরণ অনেকটাই নির্ধারিত হয় ইউপি নির্বাচনকে ঘিরে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের পথে দেশ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। তবে এবারের ভোটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা কোন দিকে যাবেন, তা নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।

পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সরকারের উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ও বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দেশের বেশিরভাগ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা এখনও দায়িত্বে রয়েছেন। যদিও মামলা ও অন্যান্য কারণে দলটির অধিকাংশ নেতা এলাকাছাড়া। ফলে তৃণমূলে দলটির একধরনের প্রভাব থাকলেও রাজনৈতিক প্রতিকূল পরিবেশে নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত থাকায় আনুষ্ঠানিকভাবে দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। ফলে দলটির সাবেক নেতা-কর্মী ও সমর্থকদের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, কিংবা অন্য প্রার্থীদের পক্ষে স্থানীয়ভাবে ভূমিকা রাখবেন কি না, তা নিয়ে আলোচনা রয়েছে। কোনও ইউনিয়নে নিজস্ব প্রার্থী না থাকলে আওয়ামী লীগের সমর্থকদের ভোট বিএনপি, জামায়াত কিংবা নির্দলীয় প্রার্থীদের দিকে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় ভোটের ক্ষেত্রে একাধিক সমীকরণ কাজ করে। সাধারণত আত্মীয়তা, স্থানীয় ইস্যু এবং নদীর এপাড় ওপাড়সহ নানা বিবেচনায় ভোট দেন ভোটাররা। বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় পরিচিতি কাজ করে না। কোনও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও নেতা প্রতিদ্বন্দ্বিতা না করলে, তাদের সমর্থকরা কী করবেন, সেটা অনুমান করে বলা সম্ভব নয়। নিশ্চয়ই ভোটের আগে তাদের দলীয় প্রধান কোনও দিক-নির্দেশনা দেবেন।’

জানুয়ারিতে শুরু পাঁচ ধাপের নির্বাচন

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। গত ১২ অক্টোবর সংবাদ সম্মেলনে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, এবার পাঁচ ধাপে হবে এ নির্বাচন। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।

গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দিয়ে এ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

দলীয় প্রতীক না থাকায় প্রার্থী হতে বাধা নেই

ইউপি নির্বাচনে আওয়ামী লীগ নেতারা অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সরকারের বক্তব্যেও কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই। কারণ, দলীয় মনোনয়নও থাকছে না, দলীয় প্রতীকও থাকছে না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের বার্তা কী, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকারের মেসেজ পরিষ্কার। যেহেতু এটি দলীয় নির্বাচন নয়, ফলে বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা আছে, আইন অনুযায়ী তারা সবাই অংশগ্রহণ করতে পারবেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘যতক্ষণ পর্যন্ত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও নির্বাচনে অংশ নেওয়া বা কোনও রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই। যেহেতু তারা সাময়িক নিষিদ্ধ সংগঠন, তাই তাদের দলীয় কর্মকাণ্ড চালাতে দেওয়া, কিংবা দলটির নেতাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা বিব্রতকর।’

অন্যদিকে নির্বাচন কমিশনের বিদ্যমান আইনি কাঠামোয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। ভোটের মাঠে সবাই নির্দলীয়ভাবে অংশ নেবেন। এ কারণে আওয়ামী লীগ সমর্থিত কেউ নির্বাচনে দাঁড়ালে তাকে বাধা দেওয়ার সুযোগ আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

ইউপি নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের একটি নীতিমালা রয়েছে। এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি ইসি আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘কোনও দলকে বাদ দেওয়ার মতো কোনও বিধান আচরণবিধিতে রাখা হয়নি। তাই নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন।’

এই বিধিমালা পাস হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ যেকোনও দলের কর্মী-সমর্থকরাও নির্বাচনে অংশ নিতে পারবেন। এসব কারণে রাজনীতির অনেক বিশ্লেষক মনে করেন, চাইলেও আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি দূরে রাখা যাবে না।

নাগরিক ঐক্যের সভাপতি ও রাজনীতি বিশ্লেষক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউপি নির্বাচন তো দলীয় প্রতীকে হচ্ছে না। তাই যে কেউই নির্বাচন করতে পারবেন। বিদ্যমান আইন অনুযায়ী সেটাই হওয়ার কথা। কারণ দলীয়ভাবে যেহেতু প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে না, তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনও না কোনও নেতা ভোটযুদ্ধে থেকেও যেতে পারেন। তারপরও সবকিছু নির্ভর করবে পরিস্থিতির ওপর।’

তৃণমূলে আওয়ামী লীগের প্রভাব কতটা থাকবে

২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা এবং নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন স্থগিত করার ফলে দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রতিযোগিতার বাইরে চলে যায়। তবে এর ফলে তৃণমূল পর্যায়ে দলটির আগের রাজনৈতিক ও সামাজিক প্রভাব পুরোপুরি শেষ হয়ে গেছে, এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। দলটির সমর্থকগোষ্ঠী, সাবেক নেতা-কর্মী, স্থানীয় নেতৃত্ব এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সামাজিক ও রাজনৈতিক নেটওয়ার্কের একটি অংশ এখনও বিদ্যমান। ইউপি নির্বাচনেও এসব নেটওয়ার্কের প্রভাব থাকতে পারে।

এ ক্ষেত্রে দলটির আনুষ্ঠানিক নির্বাচনি অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে প্রভাব বিস্তারের বিষয় দুটি আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন। আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মী বা সমর্থকদের কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, কিংবা অন্য প্রার্থীদের পক্ষে স্থানীয়ভাবে ভূমিকা রাখবেন কি না, সেটি পর্যবেক্ষণের বিষয়। একইভাবে নির্বাচনের ফলাফল থেকে দলটির তৃণমূল পর্যায়ের অবশিষ্ট প্রভাব সম্পর্কে কিছু ধারণা পাওয়া যেতে পারে। যদিও শুধু নির্বাচনি ফল দিয়ে দলটির প্রকৃত সাংগঠনিক উপস্থিতি পরিমাপ করা সম্ভব হবে না।

কোনও ইউনিয়নে আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী না থাকলে দলটির সমর্থকদের ভোট দুই ভাগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একাংশের ভোট যেতে পারে ক্ষমতাসীন বিএনপির দিকে, অন্য অংশ বেছে নিতে পারেন জামায়াতকে। মুক্তিযুদ্ধের আদর্শ বিবেচনায় কেউ বিএনপিকে শেষ ভরসা মনে করতে পারেন। আবার বিগত দিনে জামায়াত থেকে বিশেষ সুবিধা পাওয়া ব্যক্তিদের কেউ কেউ দলটির প্রার্থীদের দিকে ঝুঁকতে পারেন। এর বাইরে নির্দলীয় সাধারণ প্রার্থীদেরও ভোট দিতে পারেন আওয়ামী লীগের সমর্থকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র সাংবাদিক বলেন, দলগতভাবে নির্বাচন না হওয়ায় আওয়ামী লীগের নির্দোষ নেতারা যেকোনও কৌশলে মাঠে থাকতে পারেন। এতে করে কেউ কেউ ভোটারদের মধ্যে আলাদা প্রভাবও ফেলতে পারেন।

এ বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয় না। তাই এখানে কোনও বিশেষ দল সমর্থিত কাউকে নির্বাচন থেকে বিরত রাখার সুযোগ নেই। তবে কেউ যদি আইনগতভাবে সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, সেটা ভিন্ন কথা। আমরা মনে করি, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে হলে প্রতিটি মানুষেরই ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।’

তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের বাইরেও বেশ কিছু বিষয় কাজ করে। এর মধ্যে গণমুখী ব্যক্তিত্ব ও আঞ্চলিকতা অন্যতম। এক্ষেত্রে আওয়ামী লীগ সমর্থিত কোনও নেতা যদি নির্বাচনে যোগ্য হয়ে যান, তাহলে তো তাকে ঠেকানো কঠিন।’

সরকার ও বিরোধী দলের ভাবনা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না, থাকলেও কোন প্রক্রিয়ায় থাকবে—এ নিয়ে সরকার ও বিরোধী দলের নেতারা ভিন্নভাবে মূল্যায়ন করছেন। দুই পক্ষেরই বক্তব্য, ৫ আগস্টের পর জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ফলে স্থানীয় নির্বাচনে দলটি অপ্রাসঙ্গিক। তবে দলটির কোনও অভিযুক্ত নেতা প্রতিদ্বন্দ্বিতা করলে বিষয়টি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট প্রার্থীর সমর্থকরা কী করবেন, সেটিও তাদের নিজস্ব সিদ্ধান্ত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন তো দলীয়ভাবে হচ্ছে না। তাই কে প্রার্থী হবেন আর হবেন না, সেটা কারও নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তারপরও নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় কাকে যোগ্য প্রার্থী মনে করবে, সেটি তাদের বিষয়।’

আওয়ামী লীগের ভোট কোন দিকে যেতে পারে, জানতে চাইলে তুষার বলেন, ‘এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ এ নির্বাচনে অনেক সমীকরণ কাজ করে। আত্মীয়তা, আঞ্চলিক প্রভাব ও সম্মোহনী নেতৃত্বের প্রতিও মানুষ ঝুঁকতে পারে।’

একই ধরনের মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় সব সময় কাজে লাগে না। দেখা গেল, একই দলের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটাররা ভিন্ন কাউকে বেছে নিতে পারেন। মূলত ব্যক্তির গ্রহণযোগ্যতা এখানে সবচেয়ে বেশি কাজ করে।’

মিলন জানান, আওয়ামী লীগের অভিযুক্ত নেতাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচন করতে দেওয়া উচিত নয়। তারপরও এ ধরনের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিষয়টি দেখার দায়িত্ব সরকারের।

অপরদিকে ক্ষমতাসীন দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন বা কারা করতে পারবেন না—তা নিয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশনের একটি নীতিমালা থাকবে। বিশেষ করে ভোটের মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবস্থানই বা কী হবে, তা স্পষ্ট হতে আরও সময় লাগবে। এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।’

/এপিএইচ/ইউএস/
সম্পর্কিত
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ‍ওসি বললেন ‘চোখে পড়েনি’
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
রাজধানীতে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ
১০ বছরের কারাদণ্ড রাসেল ব্র্যান্ডের, নতুন অভিযোগের তদন্তে পুলিশ
জুলাই শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই কিশোরসহ গ্রেফতার ৩
জুলাই শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই কিশোরসহ গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক