আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে পাকিস্তান যে ভাষায় কথা বলে, বিএনপির নেত্রী খালেদা জিয়াও ঠিক একই ভাষায় কথা বলেন। খালেদা জিয়া এখনও পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করেন। আর তাই এখনও তিনি পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।
দেশবাসী জামায়াতের আমির ও যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হতে দেখার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে বিএনপির রাজনীতি করার কোনও অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, যেই রাজনীতিবিদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ নেয় আর তা সে দেশের আদালতে প্রমাণিত হয়, তাদের এ দেশে রাজনীতি করার কোনও অধিকার নেই।
খালেদা জিয়া সব মিটিং রাতে করেন, এমন মন্তব্য করে সাবেক এ মন্ত্রী বলেন, গতকাল (সোমবার) তিনি (খালেদা জিয়া) মিটিং করেছেন গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে। আর সেখানে ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য নিয়ে কথা হয়েছে। আর তা স্বীকারও করেছেন কেউ কেউ। তাই আমাদের প্রশ্ন হচ্ছে- বিএনপির কেন্দ্রীয় কমিটি নিয়ে কোনও বাণিজ্য হচ্ছে কি না?
সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অধ্যাপক শাজাহান আলম সাজু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: তালিকায় আ.লীগের নেতাসহ অর্ধশতাধিক বাংলাদেশির নাম
/এসআইএস/এফএস/








