গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও ব্রাহ্মবাড়িয়া-১ (নাসিরনগর) উপনির্বাচনে আওয়ামী লীগের আবেদনপত্র সংগ্রহ করতে মনোনয়ন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। এজন্য জমা দিতে হবে নির্ধারিত ফি (২৫ হাজার টাকা)। আগামী ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশীদের অনুরোধ করেছে দলটি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ দুই আসনের উপনির্বাচন হবে আগামী ১৩ মার্চ। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৬ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়া মোহাম্মদ ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মারা যান। তিনি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
সুন্দরগঞ্জের এমপি মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর গত বছরের ২২ মার্চ ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হন গোলাম মোস্তফা। কিন্তু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১৯ ডিসেম্বর মারা যান তিনি।







