আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তার নীতি-আদর্শ-বিনয় আমাদের পাথেয় হবে।’
শুক্রবার (৪ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দ আশরাফের মৃত্যুতে আমাদের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।’
তিনি বলেন, ‘লন্ডনে আমাদের নেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার সঙ্গে দুঃসময়ের দিনগুলোয় তিনি পাশে ছিলেন। চরম দুঃসময়ে বঙ্গবন্ধুর উত্তরসূরীদের সঙ্গ দিয়েছেন তিনি।’
দলের প্রতি সৈয়দ আশরাফের অবদান সম্পর্কে বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পরপর দুবার পার্টির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। দুঃসময়ে পার্টির হাল ধরেছিলেন। শক্ত হাতে দলকে সংগঠিত করেছেন সীমাহীন কমিটমেন্ট নিয়ে। তার মৃত্যুতে আমরা শোকাহত। গোটা আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া। আশরাফ ভাই একজন সজ্জন ও ভালো মানুষ ছিলেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। ব্যক্তি আশরাফের গ্রহণযোগ্যতা আমাদের দলের সীমানা পেরিয়ে।’
আশরাফের শূন্যতা পূরণ হওয়ার নয় উল্লেখ করে কাদের বলেন, ‘তিনি আরও অনেক দিন আমাদের দলকে সার্ভিস দিতে পারতেন।’








