‘২১ আগস্টের গ্রেনেড হামলা ও রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের উত্থান’ বিষয়ক ওয়েবিনার আজ সোমবার (২৪ আগস্ট) রাতে হবে। আওয়ামী লীগ আয়োজিত এই ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠানটি রাত সাড়ে ৮টায় হবে। আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় হত্যাযজ্ঞ। গ্রেনড হামলার উদ্দেশ্য ও প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের আঘাতে আইভি রহমানসহ মোট ২৩ জন নেতাকর্মী প্রাণ হারান।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমীর হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, একুশে আগস্ট গ্রেনড হামলা মামলার সাক্ষী মেজর (ইঞ্জিনিয়ার) শামসুদ্দিন আহমদ চৌধুরী (অব.) ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়াও অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বিজয় টিভির পর্দায়, সময় টিভি, বিডি নিউজ ২৪, বাংলা নিউজ ২৪, বার্তা ২৪, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, সারাবাংলা, ভোরের কাগজ, ঢাকা টাইমস ২৪, জাগো নিউজ ২৪ ও বাংলাদেশ জার্নালের ফেসবুক পাতায়। খবর বাসস।







