‘লাগাতার মিথ্যাচার করে বিএনপি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে’ এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, তাদের মিথ্যাচারের কারণে আমাদের সন্দেহ হচ্ছে বিএনপি শেষ পর্যন্ত এ নির্বাচনে থাকবে কিনা। মঙ্গলবার নির্বাচন কমিশনার কাজি রকিব উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি নির্বাচন কমিশনারের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আওয়ামী লীগের ওপর চাপ সৃষ্টি করছে। তাদের অভিযোগের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিচ্ছে তাতে আওয়ামী লীগের ওপর অবিচার হচ্ছে। কারও অভিযোগ যাচাই না করে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত নয়।
হানিফ আরও বলেন, ‘আমরা আশা করি বিএনপি মিথ্যাচার না করে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে দায়িত্বশীল আচরণ করবে এবং শেষ পর্যন্ত এ নির্বাচনে তারা থাকবে।’
নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ আচরণের প্রত্যাশা করে হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষতার নামে একজনের প্রতি সদয় ও আরেকজনের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এটা আমরা প্রত্যাশা করছি না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনারের প্রতি আস্থাশীল। দেশবাসীরও আস্থা রয়েছে। তাদের দায়িত্ব অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং এটি তারা করে যাচ্ছে। সকল রাজনৈতিক দলের এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করা দরকার।’
রাজনৈতিক দলের কাছে সহযোগিতা প্রত্যাশা করে হানিফ বলেন, ‘কমিশনকে সবরকম সহায়তা করতে চাই। দলের মাঠ পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি কমিশনারকে সকল প্রকার সাহায্য করতে।
নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনও কারণ নেই।’
/ইএইচএস/এআর/এফএ/








