নবী করিম (সা.) কখনও ছবি তোলেননি, আপনারা কেন ছবি তোলেন প্রশ্ন করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এরা (ধর্মের অপব্যাখ্যাকারীরা) কথায় কথায় হাদিসের দোহাই দেয় যে নবী করিম (সা.) এটা করেননি, ওটা করেননি। নবী করিম (সা.) ছবি তোলেননি, আপনারা ছবি তোলেন কেন? নবী কোনোদিন প্লেনে ওঠেন নাই, আপনারা ওঠেন কেন? উনি তো গাড়িতে ওঠেন নাই, আপনারা কেন গাড়িতে ওঠেন? ইসলাম কখনোই একথা বলে নাই। ইসলাম হচ্ছে সবচেয়ে সেরা ও যুগোপযোগী ধর্ম।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট- শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ।
মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, আজ আমরা যারা মুসলমান দাবি করছি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামিন। তাহলে হিন্দু ধর্মের যারা তাদের কে সৃষ্টি করেছে? খ্রিস্টান ধর্মের যারা তাদের কে সৃষ্টি করেছে? বৌদ্ধ ধর্মের যারা তাদের কে সৃষ্টি করেছে? সবই এক আল্লাহপাক রাব্বুল আলামিনের সৃষ্টি। আমরা যদি মনে করি যে আমাদের সৃষ্টি কোরআন অনুযায়ী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরে আমরা কথা বলার কে? আল্লাহপাকই তো ঠিক করে দিয়েছেন, যার যার ধর্ম সে সে পালন করবে।
তিনি আরও বলেন, ধর্মনিরপেক্ষতা নাকি ইসলামে জায়েজ নয়। ধর্মনিরপেক্ষতার মানে জানতে হবে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। যার যার ধর্ম, সে তার মতো পালন করবে। আজকে তারা (ধর্মের অপব্যাখ্যাকারীরা) ইসলামের নাম করে যে ভাষায় কথা বলছে, এরমধ্যে কোনও শান্তির চিহ্ন খুঁজে পাওয়া যায়? যে ভাষায় কথা বলছেন, এদের মধ্যে কোনও সভ্যতা খুঁজে পাওয়া যায়? তারা উগ্র সন্ত্রাসী জঙ্গিবাদী ধরনের কথাবার্তা বলছেন।
স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি এস এম জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসেন খান ও অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান বক্তব্য দেন।







