বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে দাবি করে তার মরণোত্তর বিচার দাবি করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। শুক্রবার (১৩ আগস্ট) আউটার স্টেডিয়ামে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এ দাবি করেন।
ফজলে শামস্ পরশ বলেন, ‘৪৬ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। স্বাধীনতার সংগ্রাম শেষে বঙ্গবন্ধু যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন, তখনই ঘটানো হয়েছিল ইতিহাসের নির্মম এই জঘণ্য হত্যাযজ্ঞ। এই হত্যাকাণ্ডের সঙ্গে খুনি জিয়ার সম্পৃক্ততা রয়েছে। তাই আমরা খুনি জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এই নরপিশাচ কুচক্রী মহল কারা, আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে তা জানতে হবে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক— তা তারা মেনে নিতে পারেনি, এছাড়া আন্তর্জাতিকভাবে যেসকল রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন মেনে নিতে পারেনি। এই পরাজিত শক্তি এখনও বাংলাদেশের ক্ষতি করার জন্য সজাগ রয়েছে। এদের থেকে, এদের চিন্তাধারা থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সজাগ থাকতে হবে।’
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘করোনার এই মহা সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার শুরু থেকে যুবলীগ সারাদেশে কাজ করে যাচ্ছে। প্রতিটি দুর্যোগে যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।’
বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, ‘তারা সব সময়ে সমালোচনায় ব্যস্ত, করোনার এই মহা সংকটে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনায় ব্যস্ত সময় পার করছে।’
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।








