৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আনন্দ র্যালির আয়োজন করেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। শুক্রবার (১২ নভেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে উদ্যানে উপস্থিত হন নেতাকর্মীরা। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২ নম্বর গিয়ে শেষ হয়। এ সময়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা।
এদিকে র্যালিকে কেন্দ্র করে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নভেম্বর ছিল যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি। বর্তমানে তার ছেলে শেখ ফজলে শামস পরশ সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
র্যালি শেষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, সংগঠনের মূলনীতি অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে যুবলীগের নেতাকর্মীরা কাজ করে যাবে।









