বিএনপি নেতাকর্মীদের পদ্মা সেতু পার না হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ দলীয় সিনিয়র সংসদ সদস্য ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। বিএনপির নেতাকর্মীদের পদ্মা নদীতে ‘নৌকা’য় পার করবেন বলে জানান সাবেক এই মন্ত্রী। রবিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
শাজাহান খান বলেন, খালেদা জিয়া ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন আওয়ামী লীগ পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। পদ্মা সেতু জোড়া তালি দিয়ে বানানো হচ্ছে। আপনারা কেউ পদ্মা সেতুতে উঠবেন না। তিন বারের প্রধানমন্ত্রীর জ্ঞানের গভীরতা দেখে অবাক হই। তিনি জানেন না স্প্যানের পর স্প্যান জোড়া দিয়েই বড় বড় সেতু নির্মাণ করতে হয়। বিএনপি নেতারা এখানে আছেন। দয়া করে আপনারা কেউ পদ্মা সেতু পার হবেন না। নেত্রীর নির্দেশ অমান্য করবেন না। আপনাদের জন্য আমরা নদীর পারে নৌকা রেখে দেবো। সেই নৌকায় দরকার হলে আপনাদের পার করবো। এই নৌকা স্বাধীনতা এনেছে। বাংলাদেশের উন্নয়ন করেছ এই নৌকা। নৌকায় আপনাদের আসতে হবে।
পদ্মা সেতু উদ্বোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আনন্দে আত্মহারা, আবেগে আপ্লুত। আজ সকালে মাদারীপুর থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাত্র দুই ঘন্টায় ঢাকা পৌঁছেছি। সেতু পার হতে সময় লেগেছে ৫ মিনিট। এর আগে ফেরি দিয়ে মাদারীপুর থেকে আসতে সময় লাগতো ৫ ঘণ্টা। সাধারণ যাত্রীদের ফেরিপার হতে নুন্যতম ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগতো। ঈদ বা দুর্যোগপূর্ণ আবাহাওয়া হলে ১২/১৪ ঘণ্টা সময় লাগতো। ট্রাককে কখনো ১০/১৫দিন পর্যন্ত বসে থাকতে হতো। কাঁচা শাক-সবজি অনেক সময় ঘাটে পচে গেছে। রোগীরা অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পদ্মা সেতু নির্মাণের ফলে মানুষের এসব দুর্ভোগ আর থাকছে না। আমাদের যন্ত্রণা থেকে মুক্তিদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না হলে এই সেতু হতো না।
শাজাহান খান বলেন, বিএনপি একটি ষড়যন্ত্রকারী দল। তাদের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। বঙ্গবন্ধুর মতো তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তারা স্লোগান দিয়েছে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমি সংসদে প্রস্তাব করছি এই স্লোগান যারা দিয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। বিচার ও শাস্তির বিধান করা হোক।
আ স ম রব, ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নার নাম উল্লেখ করে তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতা আছে যারা পথহারা পাখির মত নিজেরা পথ হারিয়ে আবোল তাবোল বলছে। তারা শেখ হাসিনাকে উৎখাত করে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়ে জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়।









