নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, খাদ্য সংকট হবে না। যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ-পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—টা বিএনপির অন্তরের জ্বালা। বঙ্গবন্ধুর জীবন আদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাবে।
বুধবার (২৪ আগস্ট) ঢাকায় বাংলামটরস্থ বিআইডব্লিউটিসি অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
প্রতিমন্ত্রী বলেন, শুধু একটি দিন বা একটি আলোচনার মধ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি- তা নয়। প্রতিদিন আমরা মুজিব আদর্শকে ধারণ করে চলি। শেখ মুজিব হচ্ছেন আমাদের প্রেরণা, শেখ মুজিব হচ্ছেন আমাদের চেতনার নাম।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ আজকে মুজিব আদর্শে পরিচালিত হচ্ছে বলেই সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে। এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। এর একটি কারণ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আল মান্নান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু এবং বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সায়েম মৃধা।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।









