স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন দলীয় সমাবেশে অংশ নিলেও প্রথমবারের মতো সশরীরে ঢাকায় এসে যুবলীগের সমাবেশে যোগ দিতে পেরে আবেগাপ্লুত রাঙামাটির যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর রমনা পার্কে সকাল ৯টা থেকে অপেক্ষমাণ যুবলীগের ওই নেতাকর্মীরা এই কথা জানান।
তারা বলেন, রাঙামাটি জেলা যুবলীগের পক্ষ থেকে ৬টি বাসে ৫০০ জনের মতো নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন৷
রাঙামাটি জেলা যুবলীগকর্মী স্বরবিন্দু চাকমা বলেন, 'দলের যেকোনও সভা-সমাবেশে যোগ দিতে পারাটা আমাদের জন্য আনন্দের। গত কয়েক দিন ধরেই অপেক্ষায় ছিলাম কখন ঢাকার সমাবেশে যোগ দিবো। প্রথমবারের মতন ঢাকায় এত বড় সমাবেশে উপস্থিত হতে পেরে আমরা সত্যই আনন্দিত, আবেগাপ্লুত।
রাঙামাটি জেলা যুবলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশিস কুমার চাকমা নব বলেন, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীর বাংলাদেশকে উন্নত থেকে উন্নত করার প্রয়াসে যে ডাক দিয়েছেন সেটা বাস্তবায়নে আমরা রাঙামাটি জেলা যুবলীগ এই সমাবেশে এক হয়েছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজকে যেই নির্দেশনা দিবেন তা শোনা এবং অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় রয়েছে আমাদের নেতাকর্মীদের মাঝে।
রাঙামাটি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিমুল্লাহ সেলিম বলেন, আজকে যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকে যুবলীগের এই জন্মদিন পালন ও আসন্ন ২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে টানা বিজয়ী করতে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান পরশ ভাইয়ের নেতৃত্বে আজকে রাঙামাটির জেলা পর্যায় থেকে শুরু করে তৃণমূলের ৫০০ নেতাকর্মী এখানে এসেছি। এখানে উৎসবমুখর আমাদের নেতাকর্মীরা। আজকের সমাবেশ থেকে আমাদের নেত্রী শেখ হাসিনা যেই নির্দেশনা দিবেন তা অক্ষরে অক্ষরে রাঙামাটির প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে পোঁছে দিবো৷ এবং তার হাতকে শক্ত করতে ও আজকের নির্দেশনা পালনে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে আমারা রাঙামাটি যুবলীগ প্রস্তুত।
সাধারণ সম্পাদক নূর মো. কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, নেতাকর্মীদের নিয়ে ঢাকায় আসার একটাই কারণ বিএনপি দেশব্যাপী যে নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড করতে চাচ্ছে তা প্রতিহত করতে আজকে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই দিক নির্দেশনা দিবেন আজকে যুব সমাজের পক্ষ হতে তা নিয়ে নিজ জেলায় কার্যকর করবো। আমরা কোনও ধরনের নৈরাজ্য বরদাস্ত করবো না।








