আগামী ২৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন সারা দেশ থেকে আসা কাউন্সিলর এবং ডেলিগেটদের সহায়তার জন্য পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুরোধ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সম্মেলন উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৯ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপ-কমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির যৌথ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি এই অনুরোধ জানান তিনি। বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বিশেষভাবে অনুরোধ জানিয়ে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করবো, তার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী যারাই আছেন; তারা অন্তত এই সময়টাতে একটু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুক। এটাই আমার বিশেষভাবে অনুরোধ।’
তিনি বলেন, ‘দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষ লঞ্চে আসবেন, উত্তরবঙ্গ থেকে আসবেন বাসে। তাই বাসস্ট্যান্ডগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবস্থা আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) করবেন। কারণ, আমাদের বিরোধী দল চাইছে এখানে একটা অঘটন ঘটুক। এটা থেকে সতর্ক থাকতে হবে।’
শৃঙ্খলা উপ-কমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের জেলা পর্যায়ে অনেক বয়স্ক লোক আছে, কেন্দ্রীয় পর্যায়েও আছে। তাদের সসম্মানে আসনে বসানোর দায়িত্ব শৃঙ্খলা কমিটির।’
মফস্বল থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য বসা, পানি ও খাদ্যর ব্যবস্থা সঠিকভাবে করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ করেন আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমাদের দলের ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নির্ভর করবে সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে। যদি ভালোভাবে সমাপ্ত করতে পারি তাহলে জনগণের কাছে ভালো গ্রহণযোগ্যতা হবে। তাই যার যেখানে অবস্থান থাকবে, তিনি সেখানেই ২৪ ঘণ্টা অবস্থান করবেন। অন্য জায়গায় যাবেন না।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।









