যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, এই শীতে কত মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু কেউ বলতে পারবেন না বিএনপি-জামায়াত কাউকে একটা শীতবস্ত্র বিতরণ করেছে। অথচ আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা করোনা থেকে শুরু করে এই তীব্র শীতের সময়ও আপনাদের পাশে রয়েছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) লালবাগ কেল্লার সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন যুবলীগ নেতা ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টুর সহযোগিতায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আজ আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছেন বলেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে, স্বপ্নের মেট্রোরেল বাস্তবায়ন হয়েছে। কিছু দিনের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন হবে। এরকম অসংখ্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অসহায়-আশ্রয়হীন মানুষকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের আমলে আমার মা-বোনদের ওপর নানা ধরনের অত্যাচার-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা নিশ্চয় সেটা ভুলে যাননি। ওরা যখনই ক্ষমতায় এসেছে এ দেশের সাধারণ মানুষের টাকা, এতিমের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়াদ্দার, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুকবুল হোসেন, যুবলীগের উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।








