আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অতীতে বিএনপি-জামায়াতের আন্দোলনকে যুবলীগের নেতাকর্মীরা যেভাবে প্রতিহত করেছিল, আগামী দিনেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে তাদের সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এ দেশের মানুষ কোনও অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।
শনিবার (১৩ মে) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপির বাংলাদেশের জনগণের ওপর ভরসা নাই। এই কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে গিয়ে ধরনা দিয়েছে। যদি এ দেশের জনগণ বিএনপির সঙ্গে থাকতো, তাহলে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। তাদের নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিতো।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। যারা সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, মাদক কারবারি, তাদের নিয়ে তারা পল্টনে সমাবেশ করছে।
তিনি আরও বলেন, আজ শেখ হাসিনার প্রসংশা সারা বিশ্বে। যে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্বব্যাংকের সভাপতির হাতে নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতুর স্ক্রেচ তুলে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন মাতুব্বর, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপদফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।









