বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে রাজনৈতিক দল হিসেবে তাদের মৃত্যু ঘটবে।’
শুক্রবার (১৬ জুন) রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি-জামায়াত অশুভ চক্রের অপরাজনীতি, নৈরাজ্য, চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ম্যুরাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের প্রতিবাদ এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে’ এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপি-জামায়াত জোট ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও তা ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। অতীতে বিএনপি খুন ও সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে এবং খুন করেই ক্ষমতায় থেকেছে। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন।’
বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘নির্বাচনে না এসে জনগণের জানমালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটালে রাজপথেই দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। যুবলীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।









