ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ‘রাজনীতি মানুষের কষ্ট লাগবের জন্য; সেই কাজটি আমরা করতে চাই। আমরা কোনোভাবেই মানুষের কষ্ট বাড়াতে চাই না। নির্বাচনে আমি জয়ী হলে নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবো।’
শনিবার (৮ জুলাই) রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ এ. আরাফাত বলেন, ‘ভাষানটেক বস্তিবাসীর পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। ক্ষতিগ্রস্ত হয়ে যারা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, আমাকে যদি আপনারা সুযোগ দেন, আমি এই তথ্যগুলোর ওপর ভিত্তি করে পুনর্বাসন প্রক্রিয়া আরও তরান্বিত করার ক্ষেত্রে কাজ করবো। একই সঙ্গে এখানে যে পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে যেগুলো ধাপে ধাপে সমাধান করবো।’
তিনি বলেন, ‘আমরা যাই করি, নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম মো. ওয়াকিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।









