আওয়ামী লীগ সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘদিন ধরে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। উভয় রাজনৈতিক দল ভবিষ্যতে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়।
সোমবার (৭ আগস্ট) দিল্লিতে সফররত আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জে পি নাড্ডা এ কথা বলেন। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আরমা দত্ত ও প্রফেসর মেরিনা জাহান।
দিল্লিতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—আওয়ামী লীগ ও বিজেপি এ অঞ্চলের স্বার্থের জন্য একসঙ্গে কাজ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে স্থলসীমান্ত ও সমুদ্রসীমানা সংক্রান্ত বিরোধ মীমাংসা হয়েছে।
বিজেপির প্রেসিডেন্ট কৃতজ্ঞতার সঙ্গে জানান, আওয়ামী লীগ সরকারের উদ্যোগের কারণে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সমস্যার সমাধান হয়েছে।
আওয়ামী লীগ প্রতিনিধি দল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।








