বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসুন। নির্বাচনে না এলে বাংলার জনগণ বিএনপির কবর রচনা করবে।
মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ভুল পথ ত্যাগ করতে হবে। সঠিক পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে না এলে বাংলার জনগণ দেশের মাটিতে আপনাদের কবর রচনা করবে।’
তিনি বলেন, ‘এখন খালি দিনক্ষণ দেয়? শেখ হাসিনাকে উৎখাত করবে? কী কারণে উৎখাত করবেন? আপনারা ক্ষমতায় থাকতে কী করেছেন? ক্ষমতায় থাকতে রক্তে প্লাবিত করেছেন বাংলাদেশকে। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যার করা হয়েছিল। সেই বিএনপি এখন মানবাধিকার শেখায়, গণতন্ত্রের কথা বলে!’
২০০৯ সাল থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র চলে আসছে উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘পারে নাই। কারণ বাংলার জনগণের জন্য কাজ করেছেন শেখ হাসিনা। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।’
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। তরুণ প্রজন্মই হবে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘প্রধানমন্ত্রীর নতুন স্বপ্ন উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তাই আমাদের সুংগঠিত হতে হবে। আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবো।’
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে, এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহম্মদ রতন প্রমুখ।









