নোবেলজয়ী হোন আর যে-ই হোন, আইন সবার জন্য সমান বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, ‘সরকারকে ব্যর্থ প্রমাণে এক-এগারোর কুশীলবরা সোচ্চার। বিএনপি-জামায়াতের মিথ্যাচার চলছে। যারা সুদখোর, ট্যাক্স ফাঁকি দেয়, গরিবের টাকা আত্মসাৎ করে, তাদের বিচার করতে গেলে বিদেশি প্রভুরা চিঠি দেয়।’
বুধবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘১৫ আগস্টের শহীদদের স্মরণে’ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এ আয়োজন করে।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে ন্যক্কারজনক হস্তক্ষেপ করা কোন ধরনের সভ্যতা? যারা সভ্যতার সবক দেয় তারা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কীভাবে ন্যক্কারজনকভাবে হস্তক্ষেপ করে। আমাদের বিচারব্যবস্থা স্বাধীন, বিচারালয়ের যে রায় সেই রায়ের বিরুদ্ধে তারা কীভাবে হস্তক্ষেপ করে? তাদের কী সভ্যতার এ-বি-সি-ডি স্মরণ করিয়ে দিতে হবে? আইন সবার জন্যই সমান, সে নোবেলজয়ী হোন আর যে-ই হোন।’
তিনি বলেন, ‘নোবেলজয়ী হবেন আর শ্রমজীবী মানুষকে ঠকাবেন, দেশের ট্যাক্স ফাঁকি দেবেন, এটা তো হতে পারে না। নোবেলজয়ীর জন্য কী অন্য রকম আইন বাংলাদেশে? সুতরাং আমি ওইসব সভ্য সমাজের প্রবর্তক এবং বিবেকবান মানুষদের বলবো, শিষ্টাচার রক্ষা করেন। সব বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করবেন না।’
শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বর পুরাতন বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের জনসভা কানায় কানায় পূর্ণ করে দেবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা– আমি এটা বিশ্বাস করি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলে যানজট নিরসন হবে, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে। সুতরাং মানুষের কর্ম যদি কথা বলে তাহলে শেখ হাসিনাকে কেউ ঠেকাতে পারবে না।’
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।









