শুক্রবার আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করবেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ২১:১১আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২২:২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন হচ্ছে শুক্রবার (১৭ নভেম্বর)। এ কার্যক্রম উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুক্রবার শুরু হবে। এই কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি তিনি নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এবার দলের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ফরমের দাম পরিশোধ করা হবে।

তবে ওবায়দুল কাদেরের ব্রিফিংয়ের পর বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শনিবার (১৮ নভেম্বর), চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

এদিন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সভা শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন দলের সভাপতি শেখ হাসিনা। এদিন নেত্রীকে মনোনয়ন ফরম দেওয়া হবে, তিনি ফরমটি সংগ্রহ করবেন। শনিবার (১৮ নভেম্বর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, চলবে মঙ্গলবার পর্যন্ত।

এর আগে গত ৫ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। একাদশ নির্বাচনে মনোনয়ন ফরম ছিল ৩০ হাজার টাকা, যা এবার করা হয়েছে ৫০ হাজার টাকা।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের