দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত বুথ থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করা হয়।
রাজশাহী বিভাগের মনোনয়ন বিক্রির দায়িত্বপ্রাপ্ত নেতা ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য মো. ওয়ালিউর রহমান বুলেট এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে দ্বিতীয় দিনে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়, দুপুর ১টা পর্যন্ত মোট ৬০৫ টি মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেনআওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৪৫টি, চট্রগ্রাম বিভাগে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি ও রংপুর বিভাগে ৬২টি ফরম বিক্রি হয়েছে।









