দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরসহ ছয়টি জেলায় নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রথমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে খোঁজেন তিনি।
জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবান জেলায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভা হয়। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এসব সভায় ভার্চুয়ালি সংযুক্ত হন শেখ হাসিনা। তিনি এসময় বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে কথা বলেন।
বিকাল ৫টার দিকে তিনি সর্বশেষ চাঁদপুর জেলার নেতাদের সঙ্গে সংযুক্ত হন। জেলার হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় জেলার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা দাঁড়িয়ে দলীয় প্রধানকে সম্মান জানান। এসময় শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কোথায় জানতে চান তাদের কাছে।
তবে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন না জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এমপি প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, তারা এখনও পৌঁছাননি সভাস্থলে।
এসময় শেখ হাসিনা আবারও জানতে চান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কোথায়। তখনও উত্তর না দেওয়ায় আবারও একই প্রশ্ন করেন। তখন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উত্তরে বলেন, ওরা তো এখনও আসে নাই। পরে শেখ হাসিনা দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।







