বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন আজ রবিবার (৪ আগস্ট) ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডেসহ সব জেলা-মহানগরে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিন সকাল থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত মিরপুর ৭, ১২, ১৩, ১৪ নম্বর ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসেছেন কর্মসূচি পালন করতে। তার জানান, তাদের আরও ওয়ার্ডের কর্মীরা আসবেন এখানে।
এ সময় ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল আহসান খান নিখিল জমায়েত কর্মসূচিতে অবস্থান করেন।
এ সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই....’ স্লোগান দিতে থাকেন। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মীদের উপস্থিতি। সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই হাজার নেতাকর্মীর জমায়েত হন। তবে এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে দেখা যায়নি মিরপুর ১০ নম্বর এলাকায়।









