ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। শনিবার সকাল ১১টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।
শনিবার গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, ‘হামলাকারীরা সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে রয়েছে। আওয়ামী লীগের স্থানীয় কয়েকজনকে বহিস্কার করে প্রমাণিত হয়েছে ঘটনায় তারা জড়িত।’
শুক্রবার (৪ নভেম্বর) বিএনপির একটি প্রতিনিধি দল নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ দলে হাফিজ উদ্দিন ছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, উকিল আবদুস সাত্তার, ইকরামুজ্জামান, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপিনেতা আবদুল আউয়াল খান, ফাহিমা নাসরিন মুন্নী, সুশীল বড়ুয়া, ব্যারিস্টার রুমিন ফারজানা।
হাফিজ জানান, উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে বিএনপি। তাদের ঘরবাড়ি ও আর্থিক ক্ষতি হওয়ায় এ সহযোগিতা প্রদান করা হবে।
তিনি বলেন, ‘হিন্দুদের ওপর হামলার ঘটনায় হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন করে মূল দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার ব্যাপকতা দেখে আমরা মর্মাহত, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।’
সরকারের পদত্যাগ দাবি করে হাফিজ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় অনির্বাচিত আওয়ামী লীগের পদত্যাগ দাবি করছি। আমরা মনে করি না যে আমাদের দাবির পরই সরকার পদত্যাগ করবে। এটা তাদের চরিত্রে নেই। তবে তাদের যদি কিঞ্চিত লজ্জাবোধ থেকে থাকে, তাহলে দেশের বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে, জনরোষের হাত থেকে বাঁচার জন্য এবং সভ্য মার্জিত আইনভিত্তিক সমাজ গড়ে তুলতে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়া উচিত।’
এছাড়া হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেই।
/এসটিএস/এসটি/








