আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের জন্য সকল প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অনুমতি পেলেই সমাবেশ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সংহতি দিসব উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৫ নভেম্বর আমাদের সমাবেশ করতে দেওয়া হয় নি। সবধরনের খোঁজখবর নিয়ে গতকাল মঙ্গলবার গণপূর্ত অধিদফতর ও পুলিশের দপ্তরে আমরা আবেদনপত্র পৌঁছেছি।
রিজভী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতির আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আবার আবেদন-নিবেদন করছি, বাংলাদেশের বৃহত্তর দল বিএনপির ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিবসটি পালনের জন্য আপনারা অনুমতি দেবেন।’
তিনি আওয়ামী লীগের কাউন্সিলের সমালোচনা করে বলেন, ‘আপনারা চান আওয়ামী লীগ ছাড়া কোনও সভা সমাবেশ হবে না। আওয়ামী লীগ ছাড়া কেউ কোনও ভালো কাউন্সিল করতে পারবে না। আওয়ামী লীগ ছাড়া কেউ মরিচবাতি দিয়ে ঢাকা শহর দখল করতে পারবে না।’
আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী দাবি করে রিজভী বলেন, ‘আপনাদের দখলী সত্তা, দস্যুবৃত্তিকে ঢাকার জন্যই ৭ নভেম্বরকে সমাহিত করতে চান। কারণ আপনারা গণতন্ত্রের হত্যাকারী। যারা গণতন্ত্রের হত্যাকারী তারাই ৭ নভেম্বরকে চাপিয়ে রাখতে চায়।‘
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুস সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিএনপি নেতা কাদের গনী চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।
/আরএআর/এইচকে/







