ঢাকায় দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনের আকষ্মিক অসুস্থতা এবং সমাবেশ অনুষ্ঠানে পুলিশের বাধা সৃষ্টির অভিযোগ এনে আগামী মঙ্গলবারের (১৬ মার্চ) পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি।
সোমবার (১৫ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি স্থগিত করেন।
এই সময় মির্জা ফখরুল বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রদের এবং স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে চরম অব্যবস্থা, অনিয়ম, অযোগ্যতা নির্বাচন কমিশন দেখিয়েছেন। সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে নির্বাচনগুলো একেবারে অর্থহীন হয়ে গেছে; তার প্রতিবাদে মঙ্গলবারে ঢাকা দক্ষিণে নির্ধারিত সমাবেশ রয়েছে। দুঃখজনক হলো সেই সমাবেশে পুলিশ বাধা সৃষ্টি করছে। একইসঙ্গে আমাদের মেয়র প্রার্থী ইশরাক হোসেন সাহেব খুব অসুস্থ হয়ে পড়েছেন। তার জ্বর বেড়েছে অনেক বেশি। সেজন্য আমরা এই সমাবেশ স্থগিত ঘোষণা করছি।’
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ছয় মহানগরীর বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে ইতোমধ্যে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা ও সর্বশেষ ঢাকা উত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে মেয়র প্রার্থীদের মধ্যে বরিশালের মজিবুর রহমান সারোয়ার, খুলনার নজরুল ইসলাম মনজু, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, চট্টগ্রামের শাহাদাত হোসেন, ঢাকা উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেন অংশ নেন। সিডিউল অনুযায়ী আগামী মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সমাবেশটি হওয়ার কথা ছিল।









