শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি বাহিনীর প্রধান শিকার ছিলেন দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীরা। তারা মনে করেছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এই দেশ দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেওয়া যাবে এবং স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।’
সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমি বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদাৎবরণকারী বুদ্ধিজীবীদের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। প্রতি বছর এই দিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।’
বাণীতে ফখরুল আরও উল্লেখ করেন, শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশের, যার আদর্শ হবে গণতন্ত্র। সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। তাঁদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।








