বিএনপি’র আন্দোলন দমাতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কারণে নিউমার্কেট এলাকায় সংঘর্ষ হয়েছে। নিউমার্কেটের ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করা হয়নি। কারণ তারা ক্ষমতাসীনদের লোক।’
মঙ্গলবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানোর ও গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশ আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, ‘নিউমার্কেটের দোকানীরা যখন প্রতিরোধ শুরু করেছে, হেলমেটধারীরা এ প্রতিরোধ দমন করার জন্য হত্যা করেছে। আমি অবিলম্বে তাদের গ্রেফতার এবং তাদের বিচার চাই। অবিলম্বে মকবুল হোসেনসহ আমাদের বিএনপি নেতাকর্মীদের যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার প্রত্যাহার ও গ্রেফতারকৃত মকবুল হোসেনের মুক্তি চাই।‘
তিনি বলেন, এদেশের জনগণকে রক্ষা করার জন্য এবং এই নিউমার্কেট দোকানীদের রক্ষা করার জন্য আমাদের একটাই পথ খোলা; সে পথ হচ্ছে দিনের এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মানুষকে রক্ষা করা। আর এটাই স্থায়ী সমাধান। আজকে সারাদেশের কোটি কোটি মানুষ এ কথায় বলছে।
তিনি আরও বলেন, সাধারণ জনগণকে সঠিক বিচার পেতে হলে দেশে গণতন্ত্র সরকার ব্যবস্থা চালু করতে হবে আর এর জন্য নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।
সমাবেশের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হেলমেট বাহিনী, লুটপাট বাহিনী, আর চাঁদাবাজ বাহিনীকে হালাল করার জন্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং তাদের গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের এই চলমান আন্দোলন কখন বেগবান হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা অনেক সময় পার করেছি দীর্ঘ ১৩-১৪ বছর, আর ১৪ মাসও নয়। আমাদের প্রতিবাদের স্থান জাতীয় প্রেসক্লাব কিন্তু আগামী দিন শুধু প্রেসক্লাব নয়, ঢাকার শহরে অন্তত শতাধিক গুরুত্বপূর্ণ সড়ক সড়ক রয়েছে যেখানে আমাদের প্রতিবাদ ছড়িয়ে দিতে হবে। অলিগলি পাড়া-মহল্লায় সকল জায়গায় প্রতিবাদের ঝড় তুলতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্যরা।








