রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপির তরুণ নেতা তাবিথ আউয়াল। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটার কিছু আগে এ ঘটনা ঘটে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, হামলায় তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিন সন্ধ্যায় সাতটার দিকে স্থানীয় শেরাটনের সামনে বিএনপির মৌন অবস্থান কর্মসূচি শুরু হয়। একই সময় কাকলী মোড়ের কাছে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মৌন কর্মসূচি চলাকালীন সময়ে বিএনপির কর্মসূচির পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে যায়।
মৌন কর্মসূচির শেষের দিকে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এসময় একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের কর্মসূচি শুরুর আগে থেকেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু যখন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য প্রায় শেষ পর্যায়ে তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর তারা হামলা চালায়। এই হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছে। নারী কর্মীরাও আহত হয়েছে।
আলাল বলেন, তাবিথ আউয়াল গুরুতর আহত। এভাবে কোনও শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে মাথায়ই আসে না।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান শেষে কে বা কারা এসে হামলা চালায়। এতে করে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে, তারা এ বিষয়টি দেখছে।









