বিএনপির গণসমাবেশের আগে যে ধর্মঘট হচ্ছে—তার সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, সরকারের নির্দেশে অতি উৎসাহী পুলিশসহ স্থানীয় প্রশাসন আর ক্ষমতাসীন দলের ক্যাডাররা ভয়ভীতি দেখিয়ে বিএনপির গণসমাবেশের আগে জোর করে পরিবহন ধর্মঘট করিয়েছে।
সোমবার (৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরিবহন ধর্মঘট নিয়ে তাকে জড়িয়ে বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের জবাব দিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
শিমুল বিশ্বাস বলেন, সরকারের জোরপূর্বক এই ধর্মঘটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছে দেশের সাধারণ মানুষ। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন মালিক ও শ্রমিক, উভয় পক্ষ।
সমাবেশের আগে সড়কে গাড়ি বের করলে অনেক পরিবহন শ্রমিক সরকার দলীয় ক্যাডারদের হামলার শিকার হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, গত বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে পরিবহন ধর্মঘট প্রসঙ্গে আমার নাম জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এমনকি এই ইস্যুতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদও প্রতিনিয়ত মিথ্যা বক্তব্য দিচ্ছেন। এ ধরনের অসত্য কথা বলে নিজের দোষ গোপন করে অন্যের ওপর না চাপানোর আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—পরিবহন শ্রমিক নেতা এম জেনারেল ইসলাম, এম কে নরেন, হুমায়ুন কবির খান, শাহাবুদ্দিন রেজা, জাহাঙ্গীর আলম, মঞ্জরুল আলম মঞ্জু, মাহবুব আলম বাদল প্রমুখ।









