বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, দুর্নীতি-লুটপাট বন্ধ, রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্র ও জ্বালানি ক্ষেত্রে দায়মুক্তি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
রবিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়। মিছিল শুরু আগে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ নেতারা বলেন, এই সরকার ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এবারে সরকার আইএমএফ এর ঋণ পাওয়ার শর্ত পূরণ করতেই বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ বাড়াচ্ছে। এই দাম বাড়ানোর ফলে কৃষি, শিল্প, বাড়িভাড়াসহ সব ক্ষেত্রে অর্থাৎ এক কথায় সব পণ্যের দাম বাড়বে। ইতোমধ্যেই বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে।
তারা বলেন, বর্তমান সরকার একের পর এক গণবিরোধী সদ্ধিান্ত নিচ্ছে। ফলে এই সরকার ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ ক্রমাগত বাড়বে।
সমাবেশ থেকে বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে সব বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জোটের প্রতি আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশফো মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী।









