বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা সরকারের জন্য কোনও লাভ হয়নি। সরকারের যে অবস্থা, তারা বাঘের লেজ দিয়ে কান খোঁচায়। তিনি বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ যে করবে, কার কাছে ক্ষমতা দেবে—লোকটাকে খুঁজে পাচ্ছে না, ক্ষমতা দিয়ে কোন দেশে যাবেন, দেশটাও খুঁজে পাচ্ছেন না। পাশের দেশে গেলে ’৭১ সালের মতো শরণার্থী হিসেবে যেতে পারবেন।’
রবিবার (২৫ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে এই সমাবেশ হয়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেন্টমার্টিন যুক্তরাষ্ট্রকে দিলে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন। আসলে শেখ হাসিনা দেশটা দিয়েও যদি ক্ষমতায় থাকতে পারতেন, তাহলে সেই কাজটি করতে তিনি ভুল করতেন না। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে—সেন্টমার্টিন তারা চাননি। এর আগে শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি, তা তারা চিরদিন মনে রাখবে। তাদের দেওয়ার মতো কিছু নেই।
তিনি আরও বলেন, ‘এই সরকার ভাবছিল—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা যাবেন, এই উছিলায় একটা ম্যানেজ করবেন। কিন্তু মোদি নিজের গদি রক্ষা করবেন, নাকি শেখ হাসিনার গদি রক্ষা করবেন? তারই তো সমস্যার শেষ নেই। তিনি আবার কার জন্য সুপারিশ করবেন? মনে হয় কোনও লাভ হয়নি। আমাদের সীমান্তে কুকুর-বিড়ালের মতো মানুষ মারে, তার প্রতিবাদ করার ক্ষমতা নেই। তিনি (প্রধানমন্ত্রী) নাকি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেন, চিন্তা করেন।’








