বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ আওয়ামী লীগ সরকার আগের মতোই শুরু করেছে সর্বনাশা কর্মকাণ্ড। দেশজুড়ে পরিকল্পিত ছকের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করা হয়েছে। এদের আমলে চলে আসা গুম, ক্রসফায়ার ও অপহরণ এখন জোরেসোরে শুরু হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী উল্লেখ করেন, বুধবার (১৬ আগস্ট) খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে ঢাকায় শ্যামলীর নিজ বাসার সামনে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত স্বীকার করছে না। স্বামীর সন্ধানে রুবায়েদের স্ত্রী ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে আহাজারি করছেন।
রিজভী বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, রুবায়েদ মহানগর গোয়েন্দা দফতরেই রয়েছেন। কিন্তু এখনও রুবায়েদের বিষয়টি স্বীকার না করায়, তার পরিবারের মধ্যে শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি করেছে।’
তিনি বলেন, ‘গায়েবি মামলা দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের শুধু গ্রেফতারই করা হচ্ছে না, বর্তমান সরকারের দায়েরকৃত ৯/১০ বছর আগের মিথ্যা মামলায় তড়িঘড়ি করে সাজা দেওয়ার ধুম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ এখন সদা তৎপর। নির্বাচনি ময়দান ফাঁকা করে নির্বাচনি বৈতরণী পার হতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন তিনি। মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং ওয়ারেন্ট ছাড়াই গোয়েন্দা সংস্থার লোকেরা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যেকোনও স্থান ও দিনে-রাতের যেকোনও সময় তুলে নিয়ে যাচ্ছে।’









