বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ সারা দেশকে এই আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। কেন (নেতাকর্মীদের) আটক করে বলেন তো? ভয়ে। ভয়ে আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে। তারা যে টাকা পাচার করেছে তা নিয়ে চিন্তায় আছে। অবস্থা এখন আরও খারাপ। বাংলাদেশকে নিয়ে শুনানি দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো।’
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু হয়ে সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁওয়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কোনও দিকে পথ নেই, উত্তরে উচ্চাঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনও দিকে ওদের যাওয়ার আর পথ নেই। আর কোনও সময় নেই। মানে মানে এখনই পদত্যাগ করো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও, সংসদ বিলুপ্ত করো, নতুন নির্বাচন কমিশন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করো।’
আওয়ামী লীগ সরকার টাকা চুরি আবার ফন্দি বের করেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এরা নাকি পেনশন ভাতা দেবে। এরা টাকা চুরি করার আরেকটা নতুন ফন্দি করছে। সেই টাকা চুরি করে ভোট করবে এরা।’
বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘২৯ জুলাই আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হায়েনার মতো তারা আক্রমণ করেছে। গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়ে রক্তাক্ত করেছে।’
সমাবেশে অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একটি কথাই বলা যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা কোনও নির্বাচনে যাবো না। আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার আমাদের উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ১৪ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়, চ্যালেঞ্জ এ দেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না।’
বিএনপির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সকালে মার্কিনিদের গালি দেয়, বিকালে আবার ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, তারাই আমাদের বন্ধু।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।









